আজ বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৯তম শাহাদাৎবার্ষিকী। এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সকাল সাড়ে দশটায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেন, এ সরকার জনবিছিন্ন হয়ে বিরোধী দলের আন্দোলন দমনের চেষ্টা করছে। এ সময় তিনি ২৭ জুন হরতালসহ বিএনপির কর্মসূচিতে বাধা দিলে পরিণতি ভাল হবে না বলে সরকারকে হুশিয়ার করে দেন।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৯তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আজ ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া আজ জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হয়।
এদিকে জাতীয় প্রেসক্লাবে দিবসটি উপলক্ষে জিয়াউর রহমানের উপর ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে তৎকালীন প্রেসিডেন্ট ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হন। |